আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি। কাওসার আহমেদ চৌধুরী
মেষ Aries ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬ >
এ সপ্তাহে কোনো বিষয়ের নিষ্পত্তি বেশির ভাগটাই আপনার পক্ষে আসবে। তবে আলোচনায় বসে আপনি কথা যথাসম্ভব কম বলবেন। আর প্রতিপক্ষকে জোরজবরদস্তিও খুব বেশি করবেন না। আর্থিক ক্ষেত্রে এ সপ্তাহে হঠাত্ আপনার ব্যয় একটু বেড়ে যেতে পারে। এর জন্য মানসিক প্রস্তুতি নিয়ে রাখবেন। কোনো কোনো মেষকে এ সপ্তাহে একটু বিদেশ যেতে হতে পারে।
বৃষ Taurus ২১ এপ্রিল-২১ মে। ভর # ১ >
বৃষ জাতিকা বা জাতক হিসেবে আপনি নিজ স্বকীয়তার ওপর দারুণ বিশ্বাসী। তা ছাড়া অতিরিক্ত উপদেশ-পরামর্শও আপনি বেশি পছন্দ করেন না। গায়ে-পড়া সান্ত্বনা তো আপনার একেবারেই সহ্য হয় না। এসবের মন্দ দিকটা হলো এই যে সহজে আপনার খুব ঘনিষ্ঠ বন্ধু হতে কেউ সাহস করবে না। সে যাই হোক, এ সপ্তাহে আপনার ব্যক্তিগত কাজের প্রকল্প খুব সুন্দরভাবে সামনে এগিয়ে যাবে।
মিথুন Gemini ২২ মে-২১ জুন। ভর # ৬ >
বাড়ির বুয়া এসে জানান—‘সায়েব ল্যাটপট নিয়া বসছেন। বলছেন—অখন আমারে ডিশটাব করবা না।’ কর্ত্রী বুঝে যান—কর্তা তাঁর ল্যাপটপ-টা নিয়ে কাজে ব্যস্ত আছেন। অন্য দৃশ্যে গ্রামের কসিমুদ্দি গর্জন করে বললেন—‘চোপ! তরে বাইন্ধা এক্কেবারে ইষ্টিমেট কইরা ফালামু।’ এ ব্যাপারটাও বোঝা গেল।...এ সপ্তাহে আপনিও লোকের যেকোনো কথার প্রকৃত অর্থ বুঝে নেওয়ার চেষ্টা করবেন। তারপর ঠিক করবেন আপনার নিজ করণীয়।
কর্কট Cancer ২২ জুন-২২ জুলাই। ভর # ২ >
এ সপ্তাহে আপনি পারিবারিক অথবা সামাজিকভাবে বেশ খানিকটা তত্পর হয়ে উঠতে পারেন। ঘরের বাইরের যোগাযোগগুলো থেকে আপনি পেশাগতভাবে অনেক লাভবান হবেন। কর্কট রাশির নেতৃস্থানীয় নারী ও পুরুষেরা কিছুটা সুবিধাজনক অবস্থানে আসবেন। তাঁদের ব্যস্ততাও বাড়বে। টাকা-পয়সা পরিস্থিতি হালকা থেকে মাঝারির মধ্যে ওঠা-নামা করবে।...মনের অস্থিরতার কারণ খুঁজুন।
সিংহ Leo ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১>
আপনি জীবনে পরিবর্তন চাইতেই পারেন। তবে এই মুহূর্তে এর জন্য খুব বেশি উতলা হয়ে উঠবেন না। পরিবর্তন বা উন্নতির উপযুক্ত সময় এবং সুযোগ আসতে দিন। ছালার মধ্যে ঠেসে রেখে ফল পাকানোর চেয়ে গাছে রেখে স্বাভাবিকভাবে ফল পাকতে দেওয়াই তো ভালো। সময়ের সাফল্যটা সময়মতোই আসুক। তাড়াহুড়ো করার দরকার নেই। কাজেই ধৈর্য রাখুন।
কন্যা Virgo ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২ >
এ সপ্তাহে কারও প্রতি আপনার তীব্র ক্ষোভ জন্মাতে পারে। এই ক্ষোভটা ন্যায্য কারণে হলো কি না তা আগে দেখে নিন। আর একটা কথা, ওই ক্ষোভ যে কারণেই হোক না কেন, সহজে কিংবা চট করে আপনি তা প্রকাশ করবেন না। ফল ভালো হবে। খেয়াল রাখবেন, টেনশনের কারণে কিছু গুরুত্বপূর্ণ কাজ এখন আপনি ভুলে যেতে পারেন।
তুলা Libra ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২ >
স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনো কারণ নেই। হাতের কাজে মন দিন। মনের মধ্যে দুশ্চিন্তা জমে উঠলে সেসবকে বেশি পাত্তা দেবেন না। আমরা যত দুশ্চিন্তা করি, সাধারণত এসবের ৯৫ শতাংশই শেষ পর্যন্ত মিথ্যা প্রমাণিত হয়। কাজেই সমস্যা আসবে—এই আশঙ্কায় আগেই বিছানায় লম্বা হয়ে পড়বেন না। আপনার ওপর অন্য দশজনকে পথ দেখানোর দায়িত্ব রয়েছে। তাই আপনাকে শক্ত থাকতে হবে।
বৃশ্চিক Scorpio ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ৭ >
কারও কারও বিদেশ সফরের সম্ভাবনা উঁকি দেবে। কেউ কেউ বিষয়ভিত্তিক বিতর্কে লিপ্ত হতে পারেন। বর্তমান সময়ে কোনো কোনো বৃশ্চিক লাভজনক চুক্তিতে প্রবেশ করতে পারেন। রুচি অনুযায়ী মাঝেমধ্যে গাঢ় অথবা কালো রঙের পোশাক পরতে পারেন আপনারা। রুচির বাইরে হলে নয়। আর্থিক অবস্থা এখন খারাপ হওয়ার কথা নয়। সারা দিনে ৮ থেকে ১০ গ্লাস পানি খাবেন।
ধনু Sagittarius ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯ >
কুমিল্লার ছেলে ফারুককে সেদিন একটা দরকারে ফোন করলাম। সে বলল, ‘আমনে এইতান কিতা কন ভাই? আমি ইয়ানো আর আমনে হিয়ানো ঢাকায়। মুকুইল্লা (মুকুল) ঢাকায় আছে। হেতারে জিংগান। হেতে হেল্প করতে পারব।’ ফারুকের কণ্ঠ এবং কথা শুনেই আমার মন ভালো হয়ে গেল।...প্রিয় ধনু, এ সপ্তাহে সাধারণ ব্যাপার থেকে এভাবে আনন্দ সংগ্রহ করুন এবং ভালো থাকুন।
মকর Capricorn ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩ >
বহুবারই বলেছি, মকর রাশির জাতক বা জাতিকার মধ্যে রয়েছে প্রবল এক সংগ্রামী চরিত্র। এরা চ্যালেঞ্জ লড়ে জয় বা সাফল্য পেতে অভ্যস্ত। এই রাশিতে আছেন চীনের বিপ্লবী নেতা মাও সে তুং, শিল্পাচার্য জয়নুল আবেদিন, পল্লীকবি জসীমউদ্দীন, মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী, আরও অনেকে। বিখ্যাত শাস্ত্রবিদ জেরিল কিনের মতে, গারনেট (তামড়ি) হচ্ছে মকরের জন্য সবচেয়ে উপযুক্ত পাথর।
কুম্ভ Aquarius ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ >
আপনি একজন শিক্ষার্থী হতে পারেন কিংবা পেশাজীবীও হতে পারেন—এ সপ্তাহে সাফল্যের ভালো সুযোগ সামনে পাবেন। এ সুযোগ গ্রহণ করতে একটুও দেরি করবেন না। বিন্দুমাত্র যদি দ্বিধা করেন, তাহলে সুযোগটা কিন্তু হাতছাড়া হয়ে যেতে পারে। যাঁরা বিয়ের জন্য লাইন দিয়ে আছেন, এ সপ্তাহে তাঁদের বিয়ের কাঠি নড়তে পারে।
মীন Pisces ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩ >
এমনিতে হোক আর অমনিতেই হোক, সপ্তাহ আপনার ভালোই কাটবে। তবে টাকা-পয়সা সামলে রাখবেন আর লোকের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কোনো ছন্দপতন দেখলে ঘাবড়ে যাবেন না। প্রয়োগ করবেন সম্পর্ক ঠিক করে নেওয়ার কৌশল। চেষ্টা করবেন বিশ্রামের সময়টা একটু বাড়াতে।
Sunday, November 15, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment